দেশের শিশুদের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, শিশুরা ভবিষ্যতে দেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে কারণে ছোটবেলা থেকেই তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করা প্রয়োজন। দেশের প্রতি ভালোবাসা এবং ইতিবাচক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে শিশুদের প্রতি আহ্বান জানান তিনি।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, শিশুদের অধিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি হওয়ার আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে গুরুত্ব দিয়েছিলেন। শিশুদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা ও সম্ভাবনাকে বিকশিত করে তাদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্জন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান প্রজন্মের শিশুদের নিজেদের ভবিষ্যৎ এবং একই সঙ্গে দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশুদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নেওয়ার আগে ১৯৭৬ সালেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন।
তিনি জানান, সরকার ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমে সুবিধাভোগী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও সমান সুযোগ পাবে বলে জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।










