ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে শিক্ষা খাতের ১ হাজার ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীও প্রাণ হারিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। হামলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি অনেকে আটক হয়েছেন। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, গাজা উপত্যকায় নিহত শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হামলায় গাজায় ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন।
গাজায় শিক্ষা খাতের কর্মীদের মধ্যেও ব্যাপক প্রাণহানি ঘটেছে। সেখানে ৮০৫ জন স্কুল কর্মী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৯৮ জন স্কুল কর্মী এবং ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয় কর্মী।
অধিকৃত পশ্চিম তীরেও শিক্ষার্থী ও শিক্ষা খাতের কর্মীদের ওপর হামলা ও আটকের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী এবং ৩৯ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া ৪১৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৪৮১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
পশ্চিম তীরে সাতজন স্কুল কর্মী নিহত ও ২৬ জন আহত হয়েছেন। পাশাপাশি ১৭৬ জনের বেশি শিক্ষক এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিসংখ্যানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি










