প্রায় সাড়ে ছয় বছর পর একসঙ্গে তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের নাম ও সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় এ পুরস্কার প্রদান কার্যক্রমে বিরতি ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষের মনোনীতদের মধ্যে রয়েছেন আরবি বিভাগের হাসমতুল্লাহ, আইন বিভাগের আফসান এলাহী, পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রমজান আলী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোস্তাকিম খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান এলা, এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের মনিকা অ্যামেলিয়া।
২০২০ শিক্ষাবর্ষের তালিকায় রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শাহিদুল্লাহ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছা. মরিয়ম খাতুন, মার্কেটিং বিভাগের শামীমা ফাসমিন শান্তা, অর্থনীতি বিভাগের মোছা. ইসরাত জাহান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোবাশ্বিরা আনজুম, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের মোছা. আজমিরা খাতুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. জাবিদ হাসান, গ্রাফিক ডিজাইন, ক্রাফটস অ্যান্ড হিস্টোরি বিভাগের খাদিজাতুল কুবরা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের অতুল মহার্জন।
২০২১ শিক্ষাবর্ষের মনোনীতদের মধ্যে রয়েছেন সংগীত বিভাগের সমরেন্দ্র নাথ দাস, আইন বিভাগের মোছা. জান্নাতুন নাঈম মিতু, ফার্মেসি বিভাগের মোছা. জান্নাতুল মাওয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. নাহিদ হাসান বাধন, সমাজবিজ্ঞান বিভাগের মোছা. হোসনে আরা বেগম, প্রাণিবিদ্যা বিভাগের আল আমিন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের রাবেয়া বসরী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শেখ হাসিব চেরাগী, পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের মুনমুন নাহার এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের সোমি রওনিয়ার।
ইউজিসির নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করা হয়। শুরুতে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতায় ছিলেন। পরে ২০১৮ সালে নীতিমালা সংশোধনের মাধ্যমে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হয়।
সাধারণত অনার্স পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিভাগে ভালো ফলাফল করে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। দীর্ঘ বিরতির পর একসঙ্গে তিন শিক্ষাবর্ষের তালিকা প্রকাশ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।










