উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ করা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকল্পগুলোর লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প গ্রহণ এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের পর সেগুলো বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
তিনি আরও বলেন, আল্লাহ দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, সেই কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে থাকবেন, তখন সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার নির্দেশ দেন তিনি। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ভবিষ্যতে আবারও বৈঠক করার কথা জানান তিনি। পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










