ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় নিয়মিত মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।
সভায় তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মশাবাহিত রোগটির বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেসব স্থানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী মনে করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। এ জন্য স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরার উদ্যোগ নিতে বলেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। আক্রান্তের হার বেশি এমন এলাকাগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ড্রাম ও পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।










