ন্যূনতম মজুরি বৃদ্ধি, সময়মতো বেতন পরিশোধ এবং ইচ্ছামতো শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার পোশাকশ্রমিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আজমপুর এলাকায় শুরু হওয়া এই অবরোধ পরে রাজলক্ষ্মী এলাকাতেও ছড়িয়ে পড়ে।
উত্তরা ও দক্ষিণখান এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধের কারণে বিমানবন্দর থেকে আবদুল্লাহপুরমুখী মহাসড়কের উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে উত্তরা ও আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ জানান, বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সকালে আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন। পরে তাঁরা রাজলক্ষ্মী এলাকাতেও অবস্থান নেন। তাঁর ধারণা, অবরোধে প্রায় পাঁচ থেকে সাত হাজার শ্রমিক অংশ নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের অবরোধ তুলে নিতে বোঝানোর চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই উত্তরার বিভিন্ন সড়ক ও গলিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে তাঁরা আজমপুর এলাকায় জড়ো হয়ে মূল সড়ক অবরোধ করেন। এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে।
যানজটে আটকে থাকা অনেক দূরপাল্লার বাসযাত্রী সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস থেকে নেমে হেঁটে যাত্রা শুরু করেন। কর্মস্থলগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবারও শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বৃহস্পতিবারের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর উত্তরাঞ্চলে যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে।










