মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা ও ব্যক্তিগত সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়াতে ‘হিলিং কল’ নামে নতুন উদ্যোগ চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ উদ্যোগের মাধ্যমে ঘরে বসেই পেশাজীবীদের কাছ থেকে মানসিক সহায়তা নেওয়ার সুযোগ পাবেন সেবাগ্রহীতারা।
গার্ডিয়ান লাইফের কল সেন্টার নম্বর ১৬৬২২ এ ফোন করে ৮ চাপলেই মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’ এবং ‘দ্য পার্পললাইন’-এর পেশাজীবীদের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নেতিবাচক ধারণা এখনো বড় বাধা। অনেকেই অন্যের সমালোচনা বা সামাজিক প্রতিক্রিয়ার ভয়ে নিজেদের মানসিক সমস্যার কথা প্রকাশ করতে চান না। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে যথাসময়ে সহায়তা নিতে পারেন না।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ কোনো না কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এমন পরিস্থিতিতে সহজে মানসিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গার্ডিয়ান লাইফ জানিয়েছে, ‘হিলিং কল’ এমন একটি পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে, যেখানে মানুষ নিজের মানসিক চাপ ও ব্যক্তিগত দুশ্চিন্তার কথা নিরাপদে জানাতে পারবেন। যাঁদের মনের কথা বলার মতো নির্ভরযোগ্য কেউ নেই, তাঁদের জন্যও উদ্যোগটি সহায়ক হতে পারে।
প্রতিষ্ঠানটি আর্থিক সুরক্ষার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে এ সেবা চালু করেছে। কল সেন্টারের পাশাপাশি অ্যাপ ও ওয়েবসাইটের মতো নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করেও ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
‘কান পেতে রই’ ও ‘দ্য পার্পললাইন’-এর সঙ্গে শুরু হওয়া এ উদ্যোগে ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান ও মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের যুক্ত করার পরিকল্পনা করছে গার্ডিয়ান লাইফ। এর মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে মানসিক সহায়তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
সেবা পেতে ফোন করুন: ১৬৬২২, এরপর ৮ চাপুন।










