নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। পথে হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে উজ্জ্বল শীল (৩৫) নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিক নিহত হন। তিনি উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের বাসিন্দা।
একই দিন বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় ইটবাহী ট্রলির চাপায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। সে পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।
রায়পুরা, শিবপুর ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রায়পুরা থানার পুলিশ জানিয়েছে, অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।









