ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সাইবার অপরাধ দমনে সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপস্থাপিত পরিসংখ্যানে আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির চিত্র উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করা হয়। পাশাপাশি উভয় বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়।
উপস্থাপিত তথ্যে ডাকাতি, দস্যুতা, খুন, দাঙ্গা, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরকসংক্রান্ত অপরাধ, মাদকদ্রব্য এবং চোরাচালানের পরিসংখ্যান অন্তর্ভুক্ত ছিল।
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ প্রয়োজনীয় সরকারি উদ্যোগের বিষয়টি পর্যালোচনা করা হয়। অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করে কমিটি।
কমিটির সদস্য মো. নূরুল ইসলাম রাজধানী ঢাকায় সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।










