ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খাদ্যে ভেজাল প্রতিরোধ, কৃষিজমি সংরক্ষণ এবং সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। পরে খাদ্য মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
মন্ত্রণালয়ের জনবল সংকট নিয়ে আলোচনায় জানানো হয়, বর্তমানে বিভিন্ন পদে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে। এসব পদ পূরণে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের পরিবর্তে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেন কমিটির সদস্যরা।
অপরিকল্পিত নগরায়ণের কারণে কৃষিজমি কমে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। কৃষিজমি সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া কৃষিজমি অকৃষি কাজে ব্যবহার বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ প্রসঙ্গে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে নজরদারি জোরদার করা হচ্ছে। শিশু খাদ্যসহ সব ধরনের খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান, আইন প্রয়োগ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, প্রতিটি কার্যালয়ে মিনি ল্যাবরেটরি স্থাপন এবং খাদ্যের ভেজাল শনাক্ত ও পর্যবেক্ষণে মোবাইল ভ্যান সরবরাহের কার্যক্রম চলছে।
এ ছাড়া ওপেন মার্কেট সেল (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি বলেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। উপকারভোগী নির্বাচনে ত্রুটি কমাতে ডিজিটাল পদ্ধতি চালুরও সুপারিশ করেন তিনি।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমসহ কমিটির সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










