সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর দেশটির বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে ঢাকা সৌদি রুটে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এ পর্যন্ত এই রুটে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৭টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ১৬ হাজার ৬২০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে সৌদি আরবগামী ও সেখান থেকে আসা যাত্রীদের যাত্রা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এয়ারলাইনসটির ২২টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে যাত্রীদের যাত্রার সময়সূচি, সংযোগকারী ফ্লাইট এবং গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে যাঁদের ট্রানজিটের মাধ্যমে সৌদি আরব যাওয়ার কথা ছিল, তাঁদের ভোগান্তি বেড়েছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা সৌদি রুটে বিমান চলাচলে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।










