নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে বিভিন্ন স্থানে রক্তের দাগও পাওয়া গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জসিম উদ্দিন। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে কালিবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন নাদিম। এরপর তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি ভাড়া ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে হাকিম মোল্লা নামের এক ব্যক্তি ভাড়াটে হিসেবে থাকতেন। তাঁর বাড়ি নড়াইল জেলায়। নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সন্দেহ করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাদিমের হাত বাঁধা ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। ঘরের বাইরে রক্তের দাগও পাওয়া গেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।










