কক্সবাজার প্রতিনিধি | বাংলা গেজেটা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ যাচাই করতে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে। এ সময় কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রোহিঙ্গাদের মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে খোঁজখবর নেন কমিটির সদস্যরা। রোহিঙ্গাদের বর্তমান জীবনযাত্রা এবং তাদের প্রয়োজনীয় সেবার পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।
ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে দেশি বিদেশি বেসরকারি সংস্থা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদীয় কমিটির সদস্যরা।
মতবিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। তিনি বলেন, রোহিঙ্গাদের এমন একটি প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেখানে তাদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে। পাশাপাশি মিয়ানমারে ফিরে স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তাও থাকতে হবে।
মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ থেকে প্রত্যাবাসন কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশ থেকে কতজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছিল।
তবে দীর্ঘদিন ধরে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চললেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করছেন রোহিঙ্গারা। নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্থায়ী বসবাসের নিশ্চয়তা ছাড়া স্বেচ্ছায় প্রত্যাবাসন কতটা সম্ভব, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
বিশ্লেষকদের মতে, সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের কার্যকর উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।










