নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত পর্যটকদের সহায়তা এবং পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে (বিটিবি) দ্রুত একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রতিনিধি দলটি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি মূল্যায়ন করবে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে পর্যটকদের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করা হবে। বৈঠকের সুপারিশ দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন মন্ত্রী।
দীর্ঘমেয়াদি নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দেশের পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তা উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পর্যটন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালুর কথাও বলেছেন তিনি। এসব প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার সকালে পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে আগুন লাগে। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পর্যটনমন্ত্রী এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।










