সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে দেশের মানুষের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সৌদি অনলাইন সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশীর ও স্মৃতি আকতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেদ্দায় বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে সরকার। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং সেই আইন অনুযায়ী অপরাধের বিচার করা হয়। তাঁর মতে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।
প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপও তখন নির্ধারণ করা যাবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পর তদন্ত শেষে আদালতে অভিযোগ উপস্থাপন করা হয়। আদালতের রায় উচ্চ আদালতে বহাল থাকার পর রাজকীয় ফরমানের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সূত্রের বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। সৌদি গণমাধ্যমে খবর প্রকাশের পর কনস্যুলেট থেকে বিস্তারিত জানতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
ঘটনাটি বিদেশে বাংলাদেশি নাগরিকদের আইনি সুরক্ষা ও কনস্যুলার সহায়তার বিষয়টিও সামনে এনেছে।










