পেশাগত উৎকর্ষ, বীরত্বপূর্ণ ভূমিকা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
এ বছর জাতীয় পতাকা পাওয়া সাতটি ইউনিট হলো প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। পরে তিনি সশস্ত্র সালাম গ্রহণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর ইউনিটগুলোর পেশাগত দক্ষতা, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দেশ ও জাতির নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পতাকা প্রদান করা হয়। সামরিক বাহিনীতে জাতীয় পতাকা একটি গুরুত্বপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হয়। এটি সংশ্লিষ্ট ইউনিটের অর্জন, ঐতিহ্য ও দায়িত্বশীলতার প্রতীক।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরাও অংশ নেন। জাতীয় পতাকা প্রদানকে কেন্দ্র করে সাভার সেনানিবাসে আনুষ্ঠানিক পরিবেশের সৃষ্টি হয়।










