ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের ভোটব্যাংক হয়ে থাকার প্রয়োজন নেই। প্রত্যেক নাগরিক স্বাধীন এবং কাকে ভোট দেবেন বা সমর্থন করবেন, তা নির্ধারণ করা তাঁদের গণতান্ত্রিক অধিকার।
তিনি আরও বলেন, কোন দল বা সরকারের সময়ে মানুষ নিরাপদ ছিল এবং কারা তাদের পাশে দাঁড়িয়েছে, তা বিবেক দিয়ে বিবেচনা করা উচিত।
ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সব ধর্মীয় ও রাজনৈতিক উৎসবে সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্ব। উৎসবের সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সুন্দর সমাজ গঠনে কাজ করার কথাও জানান তিনি।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রসঙ্গে খোকন বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে তারা আত্মগোপনে রয়েছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এমএ জলিলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী সদর আসনের ৯৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।










