অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়া পোস্টে ইশরাক হোসেন লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। এ সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে ইশরাক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের বিষয়টি নিয়ে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন। একই সঙ্গে ভবিষ্যতে আন্দোলন ও সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদেরও দেশে ফিরে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে ইশরাক বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
ইশরাক অবশ্য দাবি করেছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে কয়েকটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয় এবং ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।










