সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। সৌদি আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পুরো বিষয়টি মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের আলোচনাও হয়েছে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নির্ধারণ করা হবে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশির পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।
তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ দেশটির কারাগারে আটক ও গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের নাম ও পরিচয়সংবলিত তালিকা নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। ওই দুই ব্যক্তির নাম সরকারি তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে গেছেন বলে তিনি জানান।
বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক নিহত বা দুর্ঘটনার শিকার হলে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন তিনি। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে কাতারে গ্রেপ্তার হওয়া বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, এ ধরনের বিচারিক ও আইনি বিষয় মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে সহায়তা চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।










