নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে উল্লেখ করে তিনি ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানান।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। তাই সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তাদের রায় দেবে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর ছিল বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের অর্থনীতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি দেশ পুনর্গঠনের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন আনা সম্ভব নয়।
দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এই সুযোগ কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নূরুল ইসলাম মনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও সরকার দেশ পুনর্গঠনের চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্মেলনে সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালসহ বিএনপি ও জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










