নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে খুলনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনার দাকোপ উপজেলায় পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
সফরসূচিতে বলা হয়েছে, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকোনমিক জোন এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মোংলা বন্দরের কার্যক্রম ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এ সফরে বন্দর ও অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।










