জেলা প্রতিনিধি, কক্সবাজার | বাংলা গেজেটা
কক্সবাজারের হিমছড়ি সৈকতের অনিরাপদ স্থানে গোসলে নেমে সাগরের ঢেউ ও স্রোতে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মুহাম্মদ হারুন (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে হিমছড়ি পয়েন্টে মরদেহটি ভেসে আসে। এ ঘটনায় নিখোঁজ থাকা আরেক পর্যটক এসএম নাফিসুর রহমান নিবিড়ের (২৩) সন্ধানে তল্লাশি চলছে।
উদ্ধার হওয়া হারুন চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা। সৈকতে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, তীরে অপেক্ষায় থাকা বন্ধুদের মাধ্যমে মরদেহটি শনাক্ত করা হয়। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন অনিরাপদ সৈকতে গোসল করতে নেমে স্রোতের কবলে পড়েন কয়েকজন তরুণ। এ ঘটনায় ঢাকার দুই পর্যটক আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) মারা যান বলে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানিয়েছেন। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাত তরুণ ১৮ অক্টোবর ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন। সেখানে ভ্রমণ শেষে ২১ অক্টোবর কক্সবাজারে পৌঁছে হিমছড়ির একটি রিসোর্টে ওঠেন। পরে বিকেলে তাঁরা জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে যান। ওই স্থানটি গোসলের জন্য নির্ধারিত নিরাপদ এলাকা নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে একাধিক দল কাজ করছে। তিনি পর্যটকদের সৈকতে গোসলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রশাসন, লাইফগার্ড ও সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।










