নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই মন্তব্য ঘিরে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়।
এসআরবি ৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ঘটনার সূত্রপাত ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টকে ঘিরে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে করা ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। পরে ওই যুবককে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন।
রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, মন্তব্যটি দেখে তাঁরা উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মন্তব্যটির প্রেক্ষাপট তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমানও বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










