সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশকে তিনি এযাবৎকালের সেরা পরামর্শ হিসেবে দেখছেন। শুরুতে নির্দেশটিকে শাস্তি মনে হলেও পরে এর পেছনে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বুঝতে পেরেছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণা চালিয়ে চরিত্রহননের চেষ্টা করতে পারে বলে প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন।
ইশরাকের দাবি, এসব প্রচারণার মাধ্যমে তাকে জনসমালোচনার মুখে ফেলার পাশাপাশি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি করে একঘরে করার পরিকল্পনাও থাকতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তার রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক বলেন, তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তার জন্য কোনটি ভালো, তা বিবেচনায় রাখেন। জীবনে একাধিকবার এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক আরও বলেন, একটি কঠিন কাজ শুরু করতে গিয়ে তিনি ভয়াবহ ষড়যন্ত্রের মুখে পড়েছিলেন বলে মনে করছেন। তবে প্রধানমন্ত্রীর পরামর্শে সেই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখতে পেরেছেন।
ফেসবুক পোস্টের শেষাংশে দলের ভেতরে কোনো সুযোগসন্ধানী ব্যক্তি ষড়যন্ত্রে জড়িত থাকলে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তা দেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শের মিল খুঁজে পাওয়ার কথাও উল্লেখ করেন।
ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশটি প্রথমে নেতিবাচক মনে হলেও এখন তিনি সেটিকে নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে বিবেচনা করছেন।










