চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পুলিশের গাড়িতে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিওচিত্রসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া চারজনের বিষয়ে বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার নয়াখালের উত্তর পাশে ডিবিএম ইটভাটা এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মো. দেলোয়ার হোসেন (৩০) ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর চার বছর বয়সী মেয়ে ওয়াসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় পরিবারের আরও চার সদস্য আহত হন।
বাবা ও মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন এবং একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে সাতকানিয়া থানা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক মো. জাহেদ বাদী হয়ে মামলাটি করেন। দুর্ঘটনার পর বিক্ষোভ ও অবরোধের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।










