সুখে শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে দিতে হবে। তবে পুলিশের কার্যক্রমেও জবাবদিহি ও নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে। পুলিশ সদস্যদের কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা উচিত নয়। একইভাবে কাউকে ব্ল্যাকমেইল হওয়া থেকেও বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, মানুষের স্বাধীনতা রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে কেউ যা ইচ্ছা তা করতে পারবেন। প্রত্যেককে আইনের আওতায় থাকতে হবে এবং দেশের নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখে চলতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, কে আসবেন বা ভবিষ্যতে কী ঘটবে, তা পুলিশের বিবেচ্য বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই পুলিশের দায়িত্ব।
আইজিপির বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশের জবাবদিহি এবং নাগরিকদের আইন মেনে চলার বিষয়গুলো গুরুত্ব পায়।










