কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পৌরসভার এক কর্মচারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বসন্তপুর, ফাল্গুনকরা ও চৌদ্দগ্রাম উপজেলা সদর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশল বিভাগের কার্যসহকারী জিএম সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৮৬) এবং মাদারীপুরের শিবচর উপজেলার সিরাই গ্রামের ইমরান হোসেন (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিএম সেলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এর আগে ভোরে ফাল্গুনকরা এলাকায় পাংচার হওয়া চাকা মেরামতের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মিনি পিকআপচালক ইমরান হোসেন।
অন্যদিকে, ভোররাতে চৌদ্দগ্রাম মডেল থানার সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন নজির আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক দুর্ঘটনাগুলোর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।










