ঢাকা ইউনিভার্সিটি রাইটার্স’ হাবের আয়োজনে এবং মেন্টরস’-এর টাইটেল স্পনসরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট ২০২৬’। গত ২৮ ও ২৯ জুলাই আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক, গবেষক ও গল্পকাররা অংশ নেন।
আয়োজকদের মতে, সাহিত্যচর্চা, গবেষণা এবং সৃজনশীল লেখালেখিতে তরুণদের উৎসাহিত করাই ছিল এ উৎসবের মূল লক্ষ্য। প্রবন্ধ, ছোটগল্প ও গবেষণা প্রস্তাবনা—এই তিন বিভাগে মোট ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘সমাজের প্রতিফলন হিসেবে সাহিত্য: আয়না, সমালোচনা নাকি পরিবর্তনের অনুঘটক?’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়া ‘বাংলাদেশে একাডেমিক গবেষণা সংস্কৃতি কেন বিকশিত হচ্ছে না?’ বিষয়ক আরেকটি আলোচনায় গবেষণার পরিবেশ, মৌলিক চিন্তার বিকাশ এবং গবেষণাবান্ধব সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। দিনশেষে গবেষণা প্রস্তাবনা বিভাগে নির্বাচিত প্রতিযোগীরা বিচারকদের সামনে নিজেদের গবেষণা উপস্থাপন করেন।
দ্বিতীয় দিনে টিএসসি গ্রিন ফিল্ডে কার্নিভাল, লাইভ আর্ট, ফেস পেইন্টিং, ফটোবুথসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দেদ আলফাসানে।
প্রতিযোগিতায় প্রবন্ধ বিভাগে প্রথম হন নাজিফা আসুম নিতু, ছোটগল্প বিভাগে প্রথম হন নুরহাত শিফাত অবনী এবং গবেষণা প্রস্তাবনা বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন মাইশা বিনতে কবির, মাহফুজা ওসমানী শ্রেষ্ঠা ও প্রাপ্তি রহমান।
দুই দিনের এ সাহিত্য উৎসবের সমাপ্তি হয় ব্যান্ড রেডওয়াইন-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।










