জীবনের কোনো এক পর্যায়ে যে মানুষটি ছিল সবচেয়ে কাছের, যার অনুপস্থিতি একসময় দমবন্ধ লাগত, সম্পর্ক শেষ হওয়ার পর সেই মানুষটিই ধীরে ধীরে হয়ে যায় অচেনা। বেশিরভাগ ক্ষেত্রেই বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না, জীবন এগিয়ে যায় নিজস্ব ছন্দে।
কিন্তু জীবন তো অনেক সময়ই অপ্রত্যাশিত মুহূর্ত সাজিয়ে রাখে। হঠাৎ কোনো রাস্তার মোড়ে, পরিচিত ক্যাফেতে কিংবা ট্রেনের জানালার ওপারে চোখাচোখি হয়ে যেতে পারে সেই প্রাক্তনের সঙ্গে। এমন মুহূর্তে হৃদয়ের গতি বদলে যাওয়া, কিছুটা দ্বিধায় পড়ে যাওয়া—এসব স্বাভাবিক অনুভূতি। প্রশ্ন জাগে, তখন ঠিক কীভাবে আচরণ করা উচিত?
প্রথমত, এমন পরিস্থিতিতে সৌজন্য বজায় রাখা জরুরি। চোখাচোখি হলে হালকা হাসি বা মাথা নেড়ে সৌজন্য প্রকাশ করা যেতে পারে। কথা বলতে হলে তা সংক্ষিপ্ত ও ভদ্র ভাষায় হওয়া উচিত। রাগান্বিত বা অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ এড়িয়ে চলাই ভালো।
দ্বিতীয়ত, পুরনো তিক্ততা বা কষ্টের প্রসঙ্গ নতুন করে না তোলাই শ্রেয়। যে বিষয়গুলো সময়ের সঙ্গে হারিয়ে গেছে, সেগুলো আবার সামনে আনলে কোনো লাভ হয় না বরং উভয়পক্ষের জন্যই তা কষ্টদায়ক হতে পারে। প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া মানেই সম্পর্ক নতুন করে শুরু করা নয়, বরং এটি জীবনের একটি অধ্যায়ের মুখোমুখি হওয়া মাত্র। তাই শান্ত মন নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
তৃতীয়ত, নিজের আত্মমর্যাদা বজায় রাখা গুরুত্বপূর্ণ, তবে তা যেন অহংকারে পরিণত না হয়। নিজের বর্তমান জীবন কতটা ভালো চলছে বা নতুন সম্পর্কে কতটা সুখী আছেন—এসব জাহির করার প্রয়োজন নেই। স্বাভাবিক কথাবার্তা বলে পরিস্থিতি সহজভাবে সামলানোই উত্তম পন্থা।
চতুর্থত, যাদের বর্তমানে নতুন সম্পর্ক বা পরিবার রয়েছে, তাদের উচিত সেই বাস্তবতাকে যথাযথ গুরুত্ব দেওয়া। প্রাক্তনের সঙ্গে কথোপকথনের সময় বর্তমান সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা জরুরি, যাতে পুরনো প্রসঙ্গ টেনে বর্তমান সম্পর্কে কোনো ফাটল সৃষ্টি না হয়।
সবশেষে, প্রাক্তনের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে বা দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে অপ্রয়োজনীয় দীর্ঘ কথোপকথন এড়িয়ে চলাই ভালো। দীর্ঘ সময় কথা বললে অজান্তেই এমন অনেক কথা উঠে আসতে পারে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তাই নিজের সীমারেখা বজায় রাখা জরুরি। মনে রাখা দরকার, প্রাক্তনের সঙ্গে দেখা হওয়া মানেই তিক্ততা নয়, আবার তা অতীতকে ফিরিয়ে আনারও ইঙ্গিত নয়। এমন মুহূর্তে ভদ্রতা, স্থিরতা এবং আত্মমর্যাদাই হতে পারে সবচেয়ে যথাযথ আচরণ।

