ভারতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ছেলে আরিয়ান খানকে নিয়ে লন্ডনে সময় কাটাতে দেখা গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে বিষয়টি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে শাহরুখ তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতেই তাঁর লন্ডন সফর বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে লন্ডনের একটি ভবন থেকে গৌরী ও সুহানার সঙ্গে বের হতে দেখা যায় শাহরুখকে। সাধারণত বিদেশ সফরে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করলেও এবার ক্যাজুয়াল পোশাকে বেশ স্বাভাবিকভাবেই ধরা দেন তিনি। সাদা টি-শার্ট, নীল হুডি ও কালো কার্গো ট্রাউজার্সে দেখা যায় অভিনেতাকে। হুডি দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করলেও ভক্তদের নজর এড়াতে পারেননি।
অন্যদিকে সুহানা খানকে ধূসর রঙের স্লিভলেস পোশাকে এবং গৌরী খানকে ডেনিম-অন-ডেনিম লুকে দেখা যায়। পরে পৃথকভাবে বড় ছেলে আরিয়ান খানও লন্ডনে ক্যামেরাবন্দি হন। কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে নিজের গাড়ির দিকে যেতে দেখা যায়।
এদিকে শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ চরিত্রে বাবা-মেয়ে হিসেবে একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও সুহানা খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি।
চলতি বছরের ক্রিসমাসে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত ‘কিং’ ইতোমধ্যেই বলিউডের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। প্রকাশিত বিভিন্ন তথ্য ও নির্মাণ-পর্বের আপডেট ঘিরে দর্শকদের প্রত্যাশাও ক্রমেই বাড়ছে।

