জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার সম্ভাবনা কম। তবে সফরের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
‘মক্কা চুক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে এবং দেশের দক্ষ সেনাবাহিনী রয়েছে। মুসলিম বিশ্বের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ প্রয়োজনীয় জায়গায় যুক্ত হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রনীতির বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে।
এ ছাড়া বোয়িং উড়োজাহাজ কেনা, মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি, কলকাতায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি এবং জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে আগের একটি সিন্ডিকেট নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে অভিযোগ করে তিনি জানান, বর্তমান সরকার তা ভেঙে দিয়েছে।










