দেশজুড়ে সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান; তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস র্যাবের
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমন্বিত এই অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের সন্ধানে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করে এ সংক্রান্ত সংবাদ প্রচারে সহযোগিতারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো অস্ত্রের বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে যৌথ অভিযানে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নিরাপদে পুরস্কার দেওয়ার নিশ্চয়তাও দিয়েছে র্যাব।
হারানো সরকারি অস্ত্র সম্পর্কে কোনো তথ্য থাকলে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। নম্বরগুলো হলো— ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯।
শুধু ফোনে নয়, এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও তথ্য দেওয়া যাবে। প্রয়োজনে হারানো অস্ত্রের ছবি বা সংশ্লিষ্ট তথ্যও এসব মাধ্যমে পাঠানো যাবে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, তথ্য গ্রহণের ক্ষেত্রে গোপনীয়তা নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র দ্রুত শনাক্ত ও উদ্ধার করা এবং সেগুলো অপরাধীদের হাতে ব্যবহারের সম্ভাবনা প্রতিরোধ করা।
জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হারানো সরকারি অস্ত্র সম্পর্কে তথ্য ও অভিযানের বিষয়টি ব্যাপকভাবে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে র্যাব ফোর্সেস।










