যশোরের শার্শায় নাশকতা ও বিস্ফোরক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মো. আবু তালেব (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলেও জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং ২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং ৩০২ মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার আবু তালেব বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি হিসেবে পরিচিত এবং একই সঙ্গে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তথ্য যাচাই ও আসামিদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানার এসআই (নিরস্ত্র) আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, নিয়মিত মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে মামলায় আবু তালেবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।










