নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্যে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে ডাকাতির সময়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে তিনি দোকানে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে তিনি জানান। অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করার পর দোকানের বিভিন্ন জায়গায় রাখা স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নেয় ডাকাত দলের সদস্যরা।
দেবাশীষ ঢালীর দাবি, ডাকাতরা দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকেও প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়। এছাড়া দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনের ব্যস্ত সময়ে বাজারের মতো জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে লুণ্ঠনকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে।










