জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তার বিস্তারিত তথ্য জাতির সামনে প্রকাশ এবং এ ঘটনায় কেউ জড়িত থাকলে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব দাবি জানান।
পোস্টে তিনি বলেন, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিস্ময় ও গভীর শোক প্রকাশ করে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
নাহিদ ইসলাম বলেন, তাহসিফ নিখোঁজ হওয়ার পর তাঁর সঙ্গে কী ঘটেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে জাতির সামনে তুলে ধরতে হবে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।
তাহসিফ সাউরি উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন। তাঁর বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর দ্বীপ নামে তাঁর বন্ধুস্থানীয় এক ছোট ভাই বাসার নিচে এসে তাঁকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসার কথা জানিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। তবে এরপর আর তিনি বাসায় ফেরেননি।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং নিখোঁজ হওয়ার পর তাঁর সঙ্গে কী ঘটেছিল, তা নিশ্চিত করতে তদন্তের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।









