বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দুজন একসঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই করছে সংস্থাটি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দ্বীপকে নিয়ে যায় পিবিআই। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
তাহসিফের পরিবারের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দ্বীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। মাকে তিনি জানিয়েছিলেন, বন্ধুর সঙ্গে কথা বলে ফিরে আসবেন। এরপর আর বাসায় ফেরেননি।
নিখোঁজের পরদিন বুধবার (২৮ অক্টোবর) তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
তাহসিফের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তবে এ ঘটনায় দ্বীপের সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো তথ্য জানায়নি পিবিআই।









