‘পেদ্দি’ সিনেমায় নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর মতে, সিনেমাটিতে নারী চরিত্রকে অতিরিক্ত যৌন আবেদনময় করে দেখানো হয়েছে এবং গল্পের কিছু অংশে যৌন নিপীড়নকে প্রশ্রয় দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন জাহ্নবী। তিনি স্বীকার করেন, চরিত্রটির উপস্থাপনা নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। সিনেমাটি সমাজে, বিশেষ করে নারীদের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা তাঁকে ভাবিয়েছে।
জাহ্নবী বলেন, নিজের ভূমিকা নিয়ে তিনি অনেকবার আত্মসমালোচনা করেছেন। পরিচালকের নির্দেশনা অনুসরণ করলেও নতুন তথ্য সামনে আসার পর পরিস্থিতি আরও ভালোভাবে সামলানোর চেষ্টা করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের উপস্থাপন এড়াতে সচেতন থাকার কথাও জানান তিনি।
বুচি বাবু সানা পরিচালিত স্পোর্টস অ্যাকশনধর্মী সিনেমা ‘পেদ্দি’তে রাম চরণের বিপরীতে আচিয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। সিনেমাটি মুক্তির পর তাঁর চরিত্রের ব্যক্তিত্ব ও গল্পের ভূমিকার তুলনায় শারীরিক উপস্থাপনকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তোলেন দর্শকদের একাংশ।
এ ছাড়া একটি দৃশ্যে নারী চরিত্রের অনাগ্রহ সত্ত্বেও সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ এবং সম্মতি ছাড়া চুমু দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা হয়।
বিতর্কের পর পরিচালক বুচি বাবু সানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষমা চান। নারীদের অসম্মান বা বস্তুকরণ তাঁদের উদ্দেশ্য ছিল না জানিয়ে দর্শকদের উদ্বেগের প্রতি সম্মান প্রকাশ করেন তিনি। পাশাপাশি সমালোচিত দৃশ্যগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট অংশে পরিবর্তন আনার সিদ্ধান্তের কথাও জানান।
জাহ্নবীর মতে, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নারী চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া জরুরি।









