বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী তাসনিম দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। বিকেলে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে পাওয়া তথ্যপ্রযুক্তি ও উত্তরার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দিশার সংশ্লিষ্টতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ২৭ অক্টোবর সন্ধ্যায় ডিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং রাতে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে তাহসিফের সঙ্গে তাকে দেখা যায়। মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজেও তাদের একসঙ্গে চলাচলের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই রাতে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাহসিফ, তার বন্ধু দীপ ও দিশা কোথায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে বাড়ি না ফেরায় তার মা ফোনে যোগাযোগ করেন। রাত ১টা ৩৫ মিনিটে তার ফোন থেকে মায়ের কাছে মেসেঞ্জারে ভয়েস বার্তা পাঠানো হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’
পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং ২৯ অক্টোবর দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন। এর আগে মামলার আরেক সংশ্লিষ্ট ব্যক্তি শাহরিয়ার রেজা দীপকে আটক করা হয়। পরে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র: বার্তা বাজার









