চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, চলতি বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।
ফলাফলে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষার মান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খারাপ ফলাফলের কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।









