নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১ নভেম্বর) ভোরে ভারতের অভ্যন্তরে প্রায় দুই কিলোমিটার দূরে তাকে আটক করা হয়।
হাসিফ রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শনিবার রাতে কয়েকজন বাংলাদেশি সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাসিফকে আটক করা হয়।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, শিশুটিকে আটকের বিষয়টি তাঁরা লোকমুখে শুনেছেন। ঘটনার সত্যতা যাচাই করতে সকাল থেকে পান্নাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও জানান, আটকের ঘটনা সত্য হলে শিশুটিকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









