ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের সরে দাঁড়ানোর গুঞ্জন নাকচ করেছেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তিনি জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর ঢাকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) মধুমিতাকে নিয়েই সিনেমাটির শুটিং শুরু হবে।
সম্প্রতি অভিনেত্রীর সিনেমা ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে পরিচালক জানিয়েছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। বরং গুঞ্জনটি সিনেমাটির প্রচারে সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা সরকারও সিনেমা ছাড়ার খবর অস্বীকার করেছেন। তাঁর ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে তাঁকে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়াচ্ছে।
পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে।
‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় শুটিং শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতার পাশাপাশি রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের অভিনয়ের কথা রয়েছে।









