মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে নারায়ণগঞ্জে আবারও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে কাঠেরপুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা লিংক রোড অবরোধের উদ্দেশ্যে এগিয়ে গেলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সোমবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। ওই দিন শিবু মার্কেট এলাকায় বিক্ষোভের সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করা হলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
মঙ্গলবার দ্বিতীয় দিনের আন্দোলনে শিবু মার্কেট থেকে জালকুড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ব্যবহারের ঘটনা ঘটে। সেদিন ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।








