কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে গাঁজা, মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল খারেরা ও বড়জালা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে বাজি, গরু, বাসমতি চাল, আমুল কুল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, গ্লুকোজ, নারকেল তেল, অলিভ অয়েল, সাবান, চশমা, বিভিন্ন ধরনের সিরাপ, মদ, বিয়ার ও গাঁজাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৯০ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক ও চোরাচালান দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ ও একজনকে আটক করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ ও পাচার রোধে নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে বিজিবি।










