মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়ন সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় বাংলাদেশি প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। দুই দেশের একসঙ্গে কাজ করার আগ্রহের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনা বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হলে এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন ও অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক পরিবেশ তৈরি হবে। এ জন্য বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে তিনি দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় এগিয়ে আসায় চীনা বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, দুই দেশের সহযোগিতা জোরদার হলে বাংলাদেশের শিল্পায়ন, জ্বালানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।










