জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি তাঁদের সমাধিতে শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে আটটার দিকে জিয়া উদ্যানে পৌঁছে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের নেতাদের সঙ্গে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। এরপর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে শনিবার বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এতে হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে। শোভাযাত্রাটি কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
দিবসটি ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব আয়োজনের মধ্য দিয়ে দলটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে।










