চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। শুক্রবার (৬ নভেম্বর) দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী দিনে তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য এবং সংসদ সদস্য সম্মেলনে অংশ নিতে পারেন। তবে তাঁদের উপস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের বক্তাদের তালিকায় রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশের আরও কয়েকজন বিশিষ্ট আলেম।
সম্মেলনকে কেন্দ্র করে বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের ব্যাপক সমাগম হচ্ছে। বিশেষ করে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনার খবরে আয়োজনটি বাড়তি গুরুত্ব পেয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ দ্বীনি মহাসম্মেলনের সমাপ্তি হবে।










