জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় নেতাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।
দুলু বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। দেশের জন্য এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারবে না।
তিনি আরও বলেন, দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। তার অভিযোগ, বারবার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়েছে, যা জাতি হিসেবে বাংলাদেশের মানুষের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার কথা তুলে ধরে হুইপ বলেন, অতীতের দিকে পড়ে থাকার সুযোগ নেই। প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতি নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদসহ অন্যরা।
এর আগে সকালে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করেন বিএনপির নেতাকর্মীরা। এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন।









