নারীর সম্মান ও হয়রানির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকদের একাংশ তার অতীতের ব্যক্তিগত একটি ঘটনা টেনে কটাক্ষ করলেও নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন প্রভা।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রভা লিখেছেন, যেকোনো নারীর পাশে প্রয়োজনে হাজারবার দাঁড়াবেন তিনি। এ কারণে তাকে অপমান করা বা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হলেও নিজের নীতি পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
প্রভার মতে, কোনো নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই। কোনো নারীর আচরণ অপছন্দ হতে পারে, তার বক্তব্যের সঙ্গে দ্বিমতও থাকতে পারে। কিন্তু এসব কারণে তাকে অপমান করা কিংবা অনিরাপদ বোধ করানোর বিষয়টি সমর্থনযোগ্য নয়।
তিনি আরও স্পষ্ট করেন, কোনো নারীর পাশে দাঁড়ানোর অর্থ তার সব কর্মকাণ্ড অন্ধভাবে সমর্থন করা নয়। বরং নারীর মর্যাদা রক্ষা এবং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়াই তার উদ্দেশ্য।
পরীমনির অভিযোগের প্রসঙ্গ তুলে প্রভা জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। এমন পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য তিনি সহমর্মিতা অনুভব করেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
নিজের অতীতের একটি ব্যক্তিগত ঘটনা নিয়ে যারা তাকে কটাক্ষ করছেন, তাদেরও জবাব দিয়েছেন প্রভা। তার বক্তব্য, কোনো ঘটনার জন্য তাকে লজ্জিত করার চেষ্টা করলেই তিনি অপরাধী হয়ে যান না। অন্যের বিচার বা মন্তব্য তার পরিচয় নির্ধারণ করতে পারে না।
প্রভা আরও জানান, নারীর পাশে দাঁড়ানোর কারণে অপমানিত হওয়াকে তিনি নীরব থাকার চেয়ে ভালো মনে করেন। নারীর মর্যাদা নির্ধারণের অধিকার অন্য কারও হাতে ছেড়ে দিতে চান না তিনি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরীমনি। পরে এক ভিডিও বার্তায় পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানান প্রভা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে নতুন পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেত্রী।









