চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু এবং স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যুৎ বিভাগ।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এ দুই জেলায় কোনো নির্ধারিত লোডশেডিং কার্যকর থাকবে না। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেন কোনো পরীক্ষাকেন্দ্র বা পরীক্ষার্থীর পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি কেন্দ্রসংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটিজনিত বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তা সমাধানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শামীম পারভেজ বলেন, গ্রীষ্মকালীন সময়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরও জানান, কোথাও কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানে জরুরি রেসপন্স টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

