দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে শহরের প্রধান সড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয়।
আব্দুল বারী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার পাশাপাশি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। তাঁর দাবি, দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম রমজান মাসে পণ্যের দাম বৃদ্ধির কোনো রেকর্ড হয়নি। মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। তবে পার্শ্ববর্তী দেশের তুলনায় দামের পার্থক্যের কারণে পাচার ঠেকাতে সম্প্রতি তেলের দামে কিছুটা সমন্বয় করা হয়েছে বলেও জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য সদস্যপদ রাখা হয়েছে বলে জানান তিনি। বিরোধী দলকে কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে সরকার কাজ করছে।










